হাওজা নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির ইন্তেকালে শোক প্রকাশ করে বাংলাদেশে সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি তাঁর ইলমি ও ইজতিহাদি অবদান, ফিকহি চিন্তাধারা এবং সমসাময়িক ফিকহের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন।
সাক্ষাৎকারে তিনি বলেন, আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির অন্যতম বৈশিষ্ট্য ছিল শিক্ষার্থীদের শুধু ইলমি বিষয়বস্তু শেখানো নয়; বরং তাঁদের মধ্যে ইজতিহাদি যোগ্যতা, গভীর বিশ্লেষণী ক্ষমতা এবং বিভিন্ন মতামত পর্যালোচনা করে সিদ্ধান্তে পৌঁছানোর দক্ষতা গড়ে তোলা।
সাক্ষাৎকারটি নিচে তুলে ধরা হলো:
আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির ফিকহি ও ইজতিহাদি পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল?
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি: বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রথমেই এই মহান আলেম ও বিশিষ্ট ফকিহের ইন্তেকালে বিশ্বের সব শিয়া মুসলিম এবং হাওজায়ে ইলমিয়াগুলোর প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। নিঃসন্দেহে তাঁকে এই হাদিসের অন্যতম বাস্তব দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা যায়:
إِذَا مَاتَ الْعَالِمُ ثُلِمَ فِی الْإِسْلَامِ ثُلْمَةٌ لَا یَسُدُّهَا شَیْءٌ.
অর্থাৎ, ‘যখন কোনো আলেম ইন্তেকাল করেন, তখন ইসলামে এমন এক শূন্যতা সৃষ্টি হয়, যা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়।’
প্রায় ১৮ বছর তাঁর কাছে অধ্যয়নের সৌভাগ্য আমার হয়েছে। এ সময়ে তাঁর কাছে উসুলে ফিকহের প্রায় একটি পূর্ণাঙ্গ কোর্স সম্পন্ন করেছি। অবশ্য তাঁর ফিকহের দারসে তুলনামূলকভাবে কম উপস্থিত ছিলাম। তবে উসুলের দারসে তাঁর যে বৈশিষ্ট্যটি আমার কাছে সবচেয়ে বেশি স্পষ্ট হয়ে উঠেছিল, তা হলো উসুল-সংক্রান্ত বিষয়গুলো বিশ্লেষণে তাঁর অসাধারণ সূক্ষ্মদৃষ্টি ও গভীর জ্ঞান।
তিনি যখন উসুলে ফিকহের কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন, তখন তাঁর জ্ঞানের গভীরতা, বিষয়টির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং ব্যাপক পাণ্ডিত্য সহজেই উপলব্ধি করা যেত। মরহুম মুহাক্কিক নায়িনি, মুহাক্কিক আঘা জিয়া ইরাকি, মুহাক্কিক ইসফাহানি, আয়াতুল্লাহ খুয়ি, আয়াতুল্লাহ বুরুজেরদি ও আয়াতুল্লাহ হায়েরির মতো মনীষীদের মতামত ব্যাখ্যা করার ক্ষেত্রে তাঁর অসাধারণ জ্ঞান ও পাণ্ডিত্য ছিল। বিভিন্ন উসুলবিদের মতামতের তুলনামূলক পর্যালোচনা এবং সেগুলোর মধ্যকার সূক্ষ্ম পার্থক্য নির্ণয়কে তিনি বিশেষ গুরুত্ব দিতেন। বলা যায়, তিনি উসুলে ফিকহের জ্ঞানচর্চায় সম্পূর্ণ নিমগ্ন ছিলেন।
তাঁর এই পদ্ধতির অনেক উপকারিতা থাকলেও একটি স্মৃতি আমার কখনো ভুলে যাওয়ার নয়। এমনকি আমার নিজের ইলমি জীবনেও তা গভীর প্রভাব ফেলেছে।
তাঁর একটি দারসে উপস্থিত থাকার সময় তিনি একদিন প্রায় এই মর্মে বলেছিলেন, ‘আমরা যদি মুহাক্কিক ইরাকি, মুহাক্কিক কোম্পানি এবং অন্যান্য মনীষীর চিন্তাধারা বোঝার জন্য যে সময় ব্যয় করেছি, সেই সময়ের কিছু অংশও যদি কোরআনের আয়াত ও হাদিস বোঝার কাজে ব্যয় করতাম, তাহলে হয়তো আজ আমরা আরও ভালো অবস্থানে থাকতে পারতাম।’
আমার মনে হয়, তাঁর পরবর্তী ইলমি জীবনেও এই উপলব্ধির প্রতিফলন ঘটেছিল। এ কারণে তিনি সপ্তাহের একটি দিনের দারস আকিদাগত বিষয় নিয়ে আলোচনার জন্য নির্ধারণ করেছিলেন। তাঁর ‘তাওজিহুল মাসায়েল’ গ্রন্থের শুরুতেও উল্লেখযোগ্য অংশ আকিদাগত বিষয়, বিশেষ করে ইমামত প্রসঙ্গে আলোচনা করা হয়েছে।
এর মাধ্যমে বোঝা যায়, তিনি উপলব্ধি করেছিলেন যে ফিকহ ও উসুলের গুরুত্ব অপরিসীম হলেও ‘ফিকহে আকবার’ তথা মৌলিক আকিদাগত বিষয়গুলো থেকে কখনোই গাফেল থাকা উচিত নয়।
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানি কতটা নাজাফের ফিকহি ধারার, বিশেষ করে আয়াতুল্লাহ খুইয়ের চিন্তাধারার ধারাবাহিকতা রক্ষা করেছেন? সমসাময়িক ফিকহি চাহিদা পূরণে এই ধারার উত্তরাধিকারকে কীভাবে মূল্যায়ন করেন?
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি: আমার মতে, এ বিষয়ে আলোচনা করতে হলে ঐতিহ্যবাহী ফিকহ ও সমসাময়িক ফিকহের মধ্যে পার্থক্য করতে হবে।
আমাদের ঐতিহ্যবাহী ফিকহের ধারা আখুন্দ খোরাসানি ও মুহাক্কিক নায়িনির মতো মনীষীদের চিন্তাধারার ধারাবাহিকতায় বিকশিত হয়েছে। পরবর্তী সময়ে এই ধারা আয়াতুল্লাহ আল-উজমা খুইয়ের কাছে পৌঁছেছে। সমসাময়িক সময়ে যাঁরা এই ধারার প্রতিনিধিত্ব ও ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের মধ্যে মরহুম আয়াতুল্লাহ আল-উজমা তাবরিজি ও মরহুম আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানি অন্যতম।
এই দুই মনীষী বর্তমান যুগে এই ইলমি ধারার সংরক্ষণ ও অগ্রগতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তবে আমাদের মনে রাখতে হবে, বর্তমান বিশ্বের পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং ফিকহি বিষয়বস্তুও ব্যাপক পরিবর্তনের মুখোমুখি হয়েছে। এই বাস্তবতা শুধু তাঁদের জন্য প্রযোজ্য নয়, যাঁরা ধর্ম ও রাজনীতির সংযোগ, রাষ্ট্রব্যবস্থার ফিকহ কিংবা বিভিন্ন ব্যবস্থার ফিকহে বিশ্বাস করেন। এমনকি যাঁরা এসব দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন, তাঁরাও স্বীকার করবেন যে বর্তমান যুগে ফিকহের সামনে এমন অনেক বিষয় এসেছে, যা অতীতের বিষয়গুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন।
উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমান বিশ্বের বাণিজ্য ও ক্রয়-বিক্রয়সংক্রান্ত বিষয়গুলো ঐতিহ্যবাহী ফিকহে আলোচিত অনেক বিষয়ের তুলনায় ভিন্ন রূপ ধারণ করেছে। আমরা যদি এই পরিবর্তনগুলোকে স্বীকৃতি না দিই এবং ফিকহি আলোচনার বিষয়বস্তু নির্বাচনে নতুন করে চিন্তা না করি, তাহলে নানা সমস্যার মুখোমুখি হতে হবে।
অবশ্য আমার বক্তব্যের অর্থ এই নয় যে, ফিকহে জাওয়াহেরির ভিত্তি পরিত্যাগ করতে হবে কিংবা উসুলে ফিকহে মৌলিক পরিবর্তন আনতে হবে। আমাদের ফিকহ হলো ফিকহে জাওয়াহেরি। এর ভিত্তি ও ইলমি মানদণ্ড অক্ষুণ্ণ রাখতে হবে। তবে আলোচনার বিষয়বস্তু অবশ্যই সমসাময়িক বিশ্বের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
অতীতের আলেমরাও নতুন নতুন সমস্যার মুখোমুখি হলে তাঁদের সময়ের প্রয়োজন অনুযায়ী ফিকহি আলোচনায় পরিবর্তন ও নতুন সংযোজন করতেন।
তবে আমার মনে হয়, হাওজায়ে ইলমিয়াগুলোর ইলমি ব্যবস্থায় ঐতিহ্যবাহী ফিকহের প্রাধান্য অনেক ক্ষেত্রে নতুন বিষয়গুলো নিয়ে গভীরভাবে কাজ করার সুযোগ সীমিত করে দিয়েছে। কখনো কখনো নতুন বিষয়ে প্রবেশ করাকে ইলমি দুর্বলতা কিংবা ইজমা লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়। ফলে কিছু ফকিহ এ ধরনের বিষয়ে কাজ করতে নিরুৎসাহিত হন।
আমি এ বক্তব্য শুধু ধর্ম ও রাজনীতির সংযোগে বিশ্বাসী কিংবা বেলায়াতে ফকিহের পরিধিকে ‘উমুরে হিসবিয়া’র মধ্যে সীমাবদ্ধ মনে করেন না—এমন একজনের দৃষ্টিভঙ্গি থেকে দিচ্ছি না। বরং কেউ এসব মতের সঙ্গে একমত না হলেও তিনি অস্বীকার করতে পারবেন না যে, বর্তমান যুগের একজন দায়িত্বপ্রাপ্ত মুসলিমের সামনে এমন অনেক বিষয় রয়েছে, যেগুলো অতীতের বিষয়গুলোর তুলনায় মৌলিকভাবে ভিন্ন।
আমার মনে আছে, দারসে খারিজে অধ্যয়নের শুরুর দিকে শিক্ষার্থীদের মধ্যে কখনো কখনো এ ধরনের আলোচনা হতো যে, ফিকহের কিছু বিষয়—যেমন ‘ওয়াদউল ফুলুস ফি কুজিল হাম্মামি’ (গোসলখানার পাত্রে মুদ্রা রাখার বিষয়)—বর্তমান জীবনে আর আগের মতো প্রাসঙ্গিক নেই।
একইভাবে অতীতের ফিকহি আলোচনার কিছু বিষয়বস্তু বিলুপ্ত হয়েছে অথবা পরিবর্তিত হয়েছে। অন্যদিকে এমন অসংখ্য নতুন বিষয় সামনে এসেছে, যেগুলোর ফিকহি পর্যালোচনা প্রয়োজন।
সুতরাং গভীর ফিকহি জ্ঞান অর্জন ও উসুলে ফিকহের চর্চাকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি ফিকহি আলোচনার বিষয়বস্তু নির্বাচনের নীতিতেও নতুন করে চিন্তা করতে হবে। নতুন উদ্ভূত বিষয়, বিভিন্ন ব্যবস্থা ও প্রতিষ্ঠানসংক্রান্ত ফিকহ এবং সামাজিক ফিকহের ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে কাজ করতে হবে।
সমসাময়িক সমাজের প্রয়োজন অনুযায়ী ফিকহের অগ্রাধিকার পুনর্নির্ধারণে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির ইলমি সূক্ষ্মদৃষ্টি ও গভীর ফিকহি প্রজ্ঞা কীভাবে কাজে লাগানো যেতে পারে?
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি: আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানির অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, তিনি শিক্ষার্থীদের শুধু ইলমি বিষয়বস্তু শেখাতেন না; বরং তাঁদের ইজতিহাদের পদ্ধতিও শিক্ষা দিতেন। বিষয়টি অত্যন্ত মূল্যবান ও গুরুত্বপূর্ণ। আমার মতে, ইজতিহাদের পদ্ধতিগত শিক্ষা প্রদানে তাঁর অবদান ইলমি বিষয়বস্তু শেখানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল।
তিনি শিক্ষার্থীদের শেখাতেন, কীভাবে কোনো ইলমি বিষয়ের গভীরে প্রবেশ করতে হয়, বিভিন্ন মতামত পর্যালোচনা করতে হয়, কোনো আলোচনাকে অগভীরভাবে এড়িয়ে না গিয়ে তার বিভিন্ন দিক ও সম্ভাব্য ব্যাখ্যা চিহ্নিত করতে হয় এবং বিভিন্ন মতামত যথাসম্ভব পূর্ণাঙ্গভাবে পর্যালোচনার পর সিদ্ধান্তে পৌঁছাতে হয়।
ইজতিহাদের এই পদ্ধতি ছিল তাঁর দারসে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা।
আমার মনে আছে, তাঁর দারসে অধ্যয়নের শুরুর দিকে এমন হতো যে, সাধারণত ৩৫ থেকে ৪০ মিনিটের একটি দারসের বিষয়বস্তু পর্যালোচনা করতেই কখনো কখনো চার থেকে পাঁচ ঘণ্টা সময় লেগে যেত।
তিনি বিভিন্ন মনীষীর যেসব মতামত তুলে ধরতেন, অন্যদের মতামতের যেসব সমালোচনা করতেন এবং নিজের যুক্তি উপস্থাপনের যে পদ্ধতি অনুসরণ করতেন, সেগুলো বুঝতে আমাদের বিভিন্ন গ্রন্থ ও উৎসের শরণাপন্ন হতে হতো।
আমার বিশ্বাস, শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির অন্যতম বড় অবদান ছিল উসুলে ফিকহের জ্ঞানকে কাজে লাগিয়ে ফিকহি বিষয়গুলোর গভীরে প্রবেশ করার পদ্ধতি শেখানো।
তবে তাঁর শিক্ষার্থীরা যদি ইজতিহাদের এই পদ্ধতি কেবল ঐতিহ্যবাহী ফিকহি বিষয়গুলোর মধ্যেই প্রয়োগ করেন, তাহলে হয়তো আমরা নতুন নতুন ক্ষেত্রে প্রবেশ করতে পারব না।
অন্যদিকে, যদি একই ইলমি উপকরণ ও পদ্ধতি সূক্ষ্মদৃষ্টি, গভীরতা এবং ইজতিহাদি প্রজ্ঞার সঙ্গে নতুন ও উদ্ভূত বিষয়গুলোর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমাদের ইলমি সমাজ বর্তমান যুগের দায়িত্বপ্রাপ্ত মুসলিমদের সামনে আসা বহু নতুন সমস্যার শরয়ি বিধান নির্ণয় করে তা সমাজের সামনে তুলে ধরতে সক্ষম হবে।
জাওয়াহেরি ফিকহ ও ঐতিহ্যবাহী ইজতিহাদি পদ্ধতির প্রতি অঙ্গীকার বজায় রেখে নতুন ও উদ্ভূত সমস্যার সমাধান দেওয়া কি সম্ভব?
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি: এখানে মৌলিক বিষয়টি হলো, উসুলে ফিকহ হচ্ছে শরয়ি বিধান নির্ণয়ের হাতিয়ার। অন্যদিকে, ফিকহি বিষয়বস্তু বা বাস্তবতা সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন একটি পৃথক বিষয়।
উদাহরণ হিসেবে ইসলামী ব্যাংকিংয়ের কথা বলা যায়। যখন আমরা ইসলামী ব্যাংকিংয়ের মতো কোনো বিষয়ের মুখোমুখি হই, তখন উসুলে ফিকহ ফকিহকে এ-সংক্রান্ত শরয়ি বিধান নির্ণয়ের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে।
সুতরাং এ ধরনের নতুন বিষয়ে প্রবেশের জন্য উসুলে ফিকহে মৌলিক পরিবর্তন আনার প্রয়োজন নেই।
যেমন, উসুলে ফিকহের ‘মাবাহিসে আলফাজ’-এ আলোচিত ‘হুজ্জিয়াতে জাওয়াহের’ বা শব্দের বাহ্যিক অর্থের প্রামাণিকতার বিষয়টি নামাজের বিধান নির্ণয়ে যেমন কাজে লাগে, তেমনি ব্যাংকিংসংক্রান্ত বিধান নির্ণয়েও তা প্রয়োগ করা যায়। একইভাবে সন্দেহের ক্ষেত্রে প্রয়োগযোগ্য ‘উসুলে আমালিয়্যাহ’ যেমন ঐতিহ্যবাহী ফিকহি সমস্যায় ব্যবহৃত হয়, তেমনি নতুন ও উদ্ভূত সমস্যার ক্ষেত্রেও তা কাজে লাগানো সম্ভব।
এ ক্ষেত্রে যা প্রয়োজন, তা হলো নতুন বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য ইলমি সাহসিকতা।
আমরা যদি হাওজায়ে ইলমিয়াগুলোর বিভিন্ন ঐতিহাসিক পর্যায় পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব, কোনো কোনো সময়ে অতীতের মনীষীদের ইলমি প্রভাব সমসাময়িক ইলমি পরিবেশের ওপর এমনভাবে বিস্তার লাভ করেছিল যে, নতুন বিষয়ে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছিল। শায়খ তুসির যুগ এবং আখবারি চিন্তাধারার প্রাধান্যের সময়েও এ ধরনের পরিস্থিতির উদাহরণ পাওয়া যায়।
আমার মতে, সমসাময়িক ফিকহের আলোচনা ও চর্চা বিস্তৃত হওয়া সত্ত্বেও হাওজায়ে ইলমিয়াগুলোতে এখনো এ ধরনের প্রভাবের কিছুটা অস্তিত্ব রয়েছে।
তরুণ ও ইজতিহাদি মূলনীতিতে দক্ষ ফকিহদের উচিত আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানি ও আয়াতুল্লাহ আল-উজমা খুইয়ের মতো মনীষীদের ইজতিহাদি পদ্ধতি আয়ত্ত করা এবং সেই পদ্ধতি নতুন সমস্যাগুলোর ক্ষেত্রেও প্রয়োগ করা।
কখনো কখনো নতুন ফিকহি বিষয়গুলোকে ‘ফিকহে মুজাফ’ বা বিষয়ভিত্তিক ফিকহ বলা হয়। আমার মতে, এই পরিভাষাটি খুব একটা যথাযথ নয়। কারণ, আমরা যখন ফিকহুস সালাত (নামাজের ফিকহ), ফিকহুল মুয়ামালাত (লেনদেনের ফিকহ) কিংবা ফিকহের অন্যান্য অধ্যায়ের কথা বলি, তখন সেখানেও ফিকহকে একটি নির্দিষ্ট বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করা হয়।
তাই এ দিক থেকে ফিকহে গণমাধ্যম ও ফিকহের অন্যান্য অধ্যায়ের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। এসব ক্ষেত্রকে ‘ফিকহে মুয়াসির’ বা সমসাময়িক ফিকহ বলা যেতে পারে। তবে শুধু এসব ক্ষেত্রের জন্য ‘ফিকহে মুজাফ’ পরিভাষাটি নির্দিষ্ট করে দেওয়া যথেষ্ট যৌক্তিক বলে মনে হয় না।
এখানে আরেকটি বিষয়ে গুরুত্ব দিতে চাই। কখনো কখনো তরুণ ফকিহরা নতুন ও উদ্ভূত ফিকহি বিষয় নিয়ে কাজ করতে গেলে তাঁদের বিরুদ্ধে বিদআত প্রবর্তন কিংবা ইজমা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।
আমার বিশ্বাস, এ পরিস্থিতির পরিবর্তন হওয়া প্রয়োজন। যাতে ইলমি ও উসুলগত মানদণ্ড অক্ষুণ্ণ রেখেই নতুন নতুন ফিকহি ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।
হাওজায়ে ইলমিয়াগুলোর ইলমি অগ্রগতি সত্ত্বেও সামাজিক, অর্থনৈতিক ও শাসনব্যবস্থাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে এখনো ফিকহি চ্যালেঞ্জ কেন রয়েছে? সমস্যাটি কি বিধান নির্ণয়ের মূলনীতিতে, নাকি বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন ও ইজতিহাদের সক্ষমতা প্রয়োগের পদ্ধতিতে?
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. আলীজাদেহ মুসাভি: আমার মতে, বর্তমান বিশ্বে বহু সমস্যার সমাধানে ইজতিহাদের জন্য একটি সমন্বিত প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন।
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো মুজতাহিদ যদি আন্তর্জাতিক বাণিজ্যে ইউজ্যান্স, বাই-ব্যাক চুক্তি, ক্রিপ্টোকারেন্সি কিংবা বিটকয়েন সম্পর্কে ফিকহি মতামত দিতে চান, তাহলে তিনি বাস্তবে এসব বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের জ্ঞান অর্জনের পেছনে তাঁর পুরো সময় ব্যয় করতে পারবেন না। এ অবস্থায় সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে ফকিহদের ইলমি সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে।
একদিকে থাকবেন এমন একজন ফকিহ, যিনি শরয়ি বিধান নির্ণয়ের উৎস ও মূলনীতির ওপর পূর্ণ জ্ঞান রাখেন। তিনি কিতাব, সুন্নাহ, আকল, ইজমা, উরফ, সীরাতে উক্বালা (বিবেকবান মানুষের প্রচলিত রীতি) এবং উসুলে আমালিয়্যাহ সম্পর্কে অবগত থাকবেন। অন্যদিকে থাকবেন সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি, যিনি আলোচ্য বিষয়ের বৈজ্ঞানিক ও কারিগরি দিকগুলো সম্পর্কে গভীর জ্ঞান রাখেন।
বিশেষজ্ঞ ব্যক্তি সংশ্লিষ্ট বিষয়ের বৈজ্ঞানিক তথ্য ও বিভিন্ন দিক ফকিহের সামনে তুলে ধরবেন। এরপর ফকিহ সেই বিষয়কে শরয়ি উৎস ও বিধান নির্ণয়ের মূলনীতির আলোকে পর্যালোচনা করে তার শরয়ি বিধান নির্ধারণ করবেন।
আমার মতে, গত এক-দুই দশকে হাওজায়ে ইলমিয়াগুলো সমসাময়িক ফিকহের বিভিন্ন বিষয়ে গুরুত্বের সঙ্গে কাজ শুরু করলেও এখনো দুটি সমস্যার মুখোমুখি হচ্ছে।
প্রথমত, কিছু ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গির প্রাধান্যের কারণে এসব নতুন বিষয়ে পর্যাপ্ত আগ্রহ ও গুরুত্ব দেওয়া হচ্ছে না।
দ্বিতীয়ত, ফকিহ ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের মধ্যে যে সমন্বিত দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন, তা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি।
উদাহরণ হিসেবে বলা যায়, কখনো কখনো কোনো ফকিহ গণমাধ্যম সম্পর্কে নিজের ব্যক্তিগত ধারণা ও উপলব্ধির ভিত্তিতে ফিকহি বিধান প্রদান করেন। অথচ বর্তমান বিশ্বে গণমাধ্যম একটি বিস্তৃত, বিশেষায়িত ও অত্যন্ত জটিল জ্ঞানক্ষেত্র।
সংগীতের ক্ষেত্রেও একই পরিস্থিতি দেখা যায়। বর্তমান যুগের সংগীত কেবল কয়েকটি বাদ্যযন্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর বিভিন্ন দিক, কার্যকারিতা, উদ্দেশ্য ও লক্ষ্য ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। তাই এ ধরনের বিষয় যথাযথভাবে বুঝতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রয়োজন।
আমরা যদি বর্তমান যুগের বিভিন্ন সমস্যার সমাধান দিতে চাই এবং সমসাময়িক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বপ্রাপ্ত মুসলিমদের শরয়ি বিধান নির্ণয় করতে চাই, তাহলে দুটি মৌলিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রথমত, ঐতিহ্যবাহী ফিকহের বিষয়গত সীমাবদ্ধতা অতিক্রম করে নতুন ফিকহ ও সমসাময়িক সমস্যার ক্ষেত্রে প্রবেশ করতে হবে। তবে আমি ‘ফিকহে মডার্ন’ বা আধুনিক ফিকহের পরিবর্তে ‘নতুন ফিকহ’ পরিভাষাটিকে বেশি উপযুক্ত মনে করি।
দ্বিতীয়ত, ফিকহি বিষয়বস্তু চিহ্নিত করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের ভূমিকা ও গুরুত্বকে স্বীকৃতি দিতে হবে। কারণ, কোনো বিষয় যথাযথভাবে না বুঝলে ফকিহের পক্ষে সে বিষয়ে উপযুক্ত বিধান প্রদান করা সম্ভব নয়।
উদাহরণ হিসেবে বলা যায়, বর্তমান অর্থনীতির নিজস্ব অনেক শাখা রয়েছে। এর মধ্যে ক্ষুদ্র অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি অন্যতম। এসব বিষয়ের প্রকৃত অবস্থা ও বিভিন্ন দিক বুঝতে অর্থনীতিবিদদের সহায়তা নিতে হবে। এরপর ফকিহ ইজতিহাদি মূলনীতির ভিত্তিতে বিধান নির্ণয়ের প্রক্রিয়া সম্পন্ন করবেন।
ফকিহ ও বিশেষজ্ঞদের মধ্যে এই ইলমি সমন্বয় প্রতিষ্ঠিত হলে এবং নতুন বিষয়ে প্রবেশের প্রতিবন্ধকতা কমানো গেলে আয়াতুল্লাহ আল-উজমা ওয়াহিদ খোরাসানি, মুহাক্কিক নায়িনি, আখুন্দ খোরাসানি, আয়াতুল্লাহ আল-উজমা খুইয়ি ও মুহাক্কিক কোম্পানির মতো মনীষীদের মধ্যে যে ইলমি সূক্ষ্মদৃষ্টি, গভীরতা ও প্রজ্ঞা দেখা যেত, সেই একই মান বজায় রেখে বর্তমান বিশ্বের ফিকহি সমস্যাগুলোও পর্যালোচনা করা সম্ভব হবে।
শেষে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। বর্তমানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে—ফিকহের ক্ষেত্রে কি সীমিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত, নাকি এর ব্যাপক ও সর্বাঙ্গীণ দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন?
বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেউ কেউ প্রশ্ন তুলছেন, ফিকহ কি আদৌ বর্তমান সমাজের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে দিকনির্দেশনা দিতে এবং সমসাময়িক মানুষের প্রয়োজনীয় শরয়ি বিধান নির্ণয় করতে সক্ষম?
এই প্রশ্ন ওঠার কারণ হলো, অনেকের ধারণা, ফিকহ মূলত রোজা, নামাজ, ইবাদত, চুক্তি ও একতরফা অঙ্গীকারের মতো বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং নতুন বিষয়গুলো নিয়ে যথেষ্ট কাজ করা হয়নি। এর ফলে ফিকহ সম্পর্কে সীমিত দৃষ্টিভঙ্গি গড়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়েছে।
অথচ আমার বিশ্বাস, ফিকহের ক্ষেত্রে ব্যাপক ও সর্বাঙ্গীণ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা উচিত। ব্যক্তিগত জীবনের মতো মানুষের সামষ্টিক ও সামাজিক জীবন সম্পর্কেও ফিকহের সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
অতীতে মানুষের সামষ্টিক জীবন অনেক বেশি সীমিত ছিল। কিন্তু বর্তমানে তা ব্যাপক ও জটিল হয়ে উঠেছে। ফিকহের দায়িত্ব হলো, বিদ্যমান পরিস্থিতি ও সময়ের প্রয়োজন বিবেচনায় এসব ক্ষেত্রেও প্রবেশ করা এবং মানুষের শরয়ি প্রয়োজনের উত্তর দেওয়া।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনার কমেন্ট